আন্তর্জাতিক ডেস্ক :
এভিয়েশন সিকিউরিটি ফি (এএসএফ) বাড়াচ্ছে ভারত সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হতে যাচ্ছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে এই বর্ধিত ফি প্রযোজ্য হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
সরকারি সূত্র জানাচ্ছে, অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫০ রুপির স্থলে ১৬০ রুপি এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৪.৮৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫.২ ডলার করা হয়েছে। এভিয়েশন সিকিউরিটি ফি মূলত টিকিট বুকিংয়ের সময় পরিশোধ করতে হয় যাত্রীদের। এটা সরকারি খাতে চলে যায়। এই অর্থ গোটা ভারতের এয়ারলাইন্স, বিমান ও ফ্লাইটের নিরাপত্তার জন্য খরচ করে সরকার। গত বছরও এএসএফ বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে ১৩০ থেকে ১৫০ রুপি এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৩.২৫ থেকে বাড়িয়ে ৮.৮৫ ডলার হয়।
করোনা মহামারী মূলত ভারতের এভিয়েশনে মারাত্মক প্রভাব ফেলেছে। দেশটির সব এয়ারলাইন্স তাদের খরচ কমিয়ে ফেলেছে। এর মধ্যে কর্মীদের বেতন কাটা, কর্মী ছাটাই ও অন্যান্য খরচ কমানো হয়েছে। দুই মাস পুরোপুরি বন্ধ থাকার পর গত ২৫ মে অভ্যন্তরীণ ফ্লাইট খুলে দেয় ভারত। এর পর থেকে ৫০-৬০ শতাংশের বেশি যাত্রী ফ্লাইটে হয় না। তবে বিশেষ ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইট চালানোরও অনুমতি দিয়েছে ভারতীয় সিভিল এভিয়েশন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া