ইইউ’র ফ্লাইট ৬ মাস নিষিদ্ধ চায় পাকিস্তান এয়ারলাইন্স

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ফ্লাইট বন্ধে আবেদন জানিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।
গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) কাছে তারা আবেদনটি করে।
পিআইএ’র দাবি, ছয় মাস ইইউ ফ্লাইটগুলো বন্ধ করা হোক। পাকিস্তানের পাইলট লাইসেন্স কেলেঙ্কারির ঘটনায় ১ জুলাই ইইউ পিআইএর সব ফ্লাইট স্থগিত করেছিল। তারা পাকিস্তান কর্তৃপক্ষের কাছে ১১ দফা নিরাপত্তা শর্ত দিয়েছিল। এসব শর্ত পূরণ করতে পারলে তারা স্থগিতাদেশ উঠিয়ে নেবে বলে জানিয়েছিল। কিন্তু সেসময় পিআইএর দেয়া জবাব ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)-এর পছন্দ হয়নি। খবর দ্য প্রিন্টের।
২২ মে করাচিতে একটি বিমান দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে প্রথম পাইলটদের লাইসেন্স কেলেঙ্কারি ধরা পড়ে। ওই দুর্ঘটনায় ৯৭ জন যাত্রী প্রাণ হারান। ওই তদন্তে উঠে আসে, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) ভুয়া লাইসেন্স দিয়েছে বহু পাইলটকে, যাদের সংখ্যা পাকিস্তানের মোট পাইলটদের এক-তৃতীয়াংশ। তদন্তে ২৬২ পাইলট ভুয়া লাইসেন্সধারী হিসেবে সন্দেহের তালিকায় পড়েন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিআইএর ওই আবেদন ইএএসএ কর্তৃপক্ষের কাছে পৌঁছানের আগে তা এভিয়েশন ডিভিশনে যাচাই বাছাই করা হবে। এদিকে পিআইএ পুরনো বিমানের স্থলে ৮-১০টি নতুন বিমান যুক্ত করতে যাচ্ছে তাদের বহরে। তারা আন্তর্জাতিক পরামর্শকদের সঙ্গে এভিয়েশন ব্যবসা নিয়ে কাজ করতে নতুন পরিকল্পনাও করছে। যাতে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এভিয়েশন শিল্প পুনরুদ্ধার করা যায়।
Comments (0)
Add Comment