এভিয়েশন নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে এখন চীন থেকে উচ্চশিক্ষার জন্য পড়তে আসা শিক্ষার্থীদের সন্দেহভাজন প্রযুক্তি পাচারকারী হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশে ফেরার সময় তাদের ওপর শ্যেন দৃষ্টি রাখা হচ্ছে। খবর বিবিসি।
চীনা সরকারি বৃত্তি নিয়ে গবেষণা করতে আসা ১৫ জন শিক্ষার্থীর সাথে চুক্তি গত সপ্তাহে মাঝপথে বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়, যে ঘটনা নজিরবিহীন।
ওয়াশিংটনে বিবিসি চীনা সার্ভিসের সংবাদদাতা ঝাও ইন ফেংয়ের কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেছেন চীনা ছাত্র কিথ ঝাং (ছদ্মনাম), যিনি সম্প্রতি পড়া শেষ করে দেশে ফিরে গেছেন।
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন ঝাং। তাকে হঠাৎ বোর্ডিং ডেস্কে তলব করা হলে তিনি ভেবেছিলেন রুটিন নিরাপত্তার জন্যেই ডাকা হচ্ছে তাকে। কিন্তু গিয়ে দেখলেন দুজন সশস্ত্র সীমান্ত এজেন্ট পুলিশ তার জন্য অপেক্ষা করছে। দেখে ভয় পেয়ে যান তিনি।
“তারা আমাকে এমনভাবে জেরা শুরু করলো যেন আমি যেন আমি প্রযুক্তি চুরি করতেই আমেরিকাতে পড়তে এসেছিলাম।“
ছাব্বিশ বছর-বয়স্ক পিএইচডি ছাত্র ঝাং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এক বছরের জন্য একটি গবেষণা প্রকল্পে কাজ করতে এসেছিলেন। দেশে ফেরার আগে দু’ঘণ্টা ধরে তাকে যেভাবে জেরার মুখোমুখি হতে হয় তা স্বপ্নেও ভাবেননি তিনি।
মার্কিন পুলিশ বের করার চেষ্টা করছিল তার সাথে চীনা কম্যুনিস্ট পার্টির কোনো সম্পর্ক রয়েছে কিনা।
শুধু ঝাং নয়, যুক্তরাষ্ট্রে যে প্রায় চার লাখের মত চীনা শিক্ষার্থী বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদের অস্বস্তি দিনকে দিন বাড়ছে।
দুই দেশের মধ্যে শত্রুতার পারদ যত চড়ছে, তারা মনে করছেন তাদের প্রত্যেককেই এখন সন্দেহভাজন চর হিসাবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্রিস্টোফার রে সম্প্রতি এক সেমিনারে বলেছেন, তারা এখন প্রতি ১০ ঘণ্টায় এমন অন্তত একটি সম্ভাব্য গুপ্তচরবৃত্তির ঘটনা খুঁজে পাচ্ছেন যার সাথে চীনের সংশ্লিষ্টতা রয়েছে।
জুলাইতে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয়ার সময় মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ঐ কনসুলেটটি একটি ‘গুপ্তচরবৃত্তির সেন্টারে’ পরিণত হয়েছে।
বিবিসির ঝাউ ইন ফেং বলছেন, যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের ওপর হালে নজরদারী বহুগুণে বেড়ে গেছে, এবং বিশেষ নজরে পড়েছেন চীন থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা।
বহু চীনা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যবহারের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়ে গোয়েন্দারা পরীক্ষা করে দেখছেন। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ ধরে তা ফেরত দেওয়া হচ্ছেনা।
তার সাথে যে আচরণ করা হয়েছে, যেসব প্রশ্ন তাকে করা হয়েছে, কিথ ঝাং তাকে ‘ইচ্ছাকৃত হয়রানি’ হিসাবে বর্ণনা করেছেন।
“আমি যদি সত্যিই কোনো ডেটা বা প্রযুক্তি চুরি করতাম তাহলে ক্লাউডের মাধ্যমে অনলাইনে পাচার করে দিতাম। আমার ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করে নিয়ে যাওয়া হয়রানি ছাড়া আর কি হতে পারে?“
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের আইনের অপব্যবহার করে “মনগড়া সব অভিযোগে চীনা ছাত্রদের জেরা করছে, গ্রেপ্তার করছে।“
তবে চীনা গবেষকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সাম্প্রতিক কিছু অভিযোগের তদন্তে সন্দেহের পেছনে সুনির্দিষ্ট কিছু প্রমাণ পাওয়ার কথা বলেছেন মার্কিন গোয়েন্দারা।
অগাস্ট মাসে, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের চীনা ভিজিটিং গবেষক হাই ঝাও উকে শিকাগোর বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগে গ্রেপ্তার করা হয়।
মার্কিন বিচার বিভাগ জানায়, বিমানবন্দরে রুটিন নিরাপত্তা পরীক্ষার সময় ঐ চীনা গবেষকের ল্যাপটপে কিছু ‘সফটওয়ার কোড‘ পাওয়া যায় যেটা রাখার বৈধতা তার ছিলনা। তার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, ঐ সফটওয়ার কোড গোপন সামরিক বিষয়ক।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি তারা বেশ ক’জন চীনা গবেষককে আটক করেছেন যাদের সাথে চীনা সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে কিন্তু সেই পরিচয় তারা ভিসার আবেদনপত্রে চেপে গেছেন।
গত মাসে এমন একজন অভিযুক্ত চীনা গবেষক গ্রেপ্তার এড়াতে সানফ্রানসিসকোতে চীনা কনসুলেটে গিয়ে আশ্রয় নেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আরেক ঘটনায়, একজন চীনা গবেষকের বিরুদ্ধে কম্পিউটারের হার্ড ড্রাইভ নষ্ট করার অভিযোগে ওঠে। তদন্ত চলার সময় প্রমাণ নষ্ট করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ডেভিড স্টিলওয়েল বিবিসিকে বলেন, যারা সত্যিকার লেখাপড়া করতে আসেন তাদের জন্য আমেরিকার ‘দরজা এখনো খোলা।‘ “কিন্তু আপনি যদি ছাত্রের ছদ্মবেশে আসেন তাহলে তো আমাদেরকে নিজেদের রক্ষা করতেই হবে।“
ইউনিভার্সিটি অব টেক্সাসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অধ্যাপক শিনা গেইটেনস বিবিসিকে বলেন, অ্যাকাডেমিক চ্যানেলের মাধ্যমে চীনে ‘প্রযুক্তি চুরি’ নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
তিনি বলেন, “যেহেতু এসব তদন্ত চলছে গুপ্তচরবৃত্তির অভিযোগে, সুতরাং প্রতিটি অভিযোগের বিস্তারিত আমরা হয়তো কখনই জানতে পারবো না। ফলে কিছু ঘটনা যা মানুষকে জানানো হয়েছে সেগুলোর ভিত্তিতে বলা কঠিন আসলেই চীনা শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তার প্রতি কতটা হুমকি তৈরি করেছে।“
গবেষক হাই উর মত, ঝাংকেও শেষ মূহুর্তে বিমানে উঠতে দেওয়া, কিন্তু তার আগে তাকে প্রচণ্ড মানসিক চাপে ভুগতে হয়েছে। দু’জন পুলিশ সদস্য তাকে বার বার বলতে থাকে যে তিনি মিথ্যা কথা বলছেন। “মানসিকভাবে ভেঙ্গে পড়ছিলাম আমি।“
তারপরও সে সময় তিনি চীনা দূতাবাস, ব্রাউন বিশ্ববিদ্যালয় বা কোনো আইনজীবীর সাথে কথা বলতে চাননি।
“আমি জানতাম এসব অধিকার আমার রয়েছে, কিন্তু আমি ফ্লাইট মিস করতে চাইনি।“ তিনি বলেন, তার প্রধান লক্ষ্য ছিল দেশে স্ত্রীর সাথে দেখা হওয়া। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছে, কিন্তু বিদেশে পড়াশোনার জন্য স্ত্রীর সাথে দেখা হয়েছে সামান্যই।