বছরের পর বছর দুবাই-ইস্তাম্বুল বিমান রুট ছিল জমজমাট। এখন এ রুটে হাহাকার বিরাজ করছে। করোনাভাইরাস মহামারী বদলে দিয়েছে চিরচেনা দৃশ্য।
মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলে এ রুট ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন বন্ধ থাকার পর কয়েক সপ্তাহ হল টার্কিশ এয়ারলাইন্স ও এমিরেটস মহামারীতে বাতিল হওয়া ফ্লাইট পুনরায় চালুর চিন্তা করে।
কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে কিছু বিক্ষিপ্ত কার্গো ফ্লাইট ছাড়া অন্য যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রয়েছে। এ রুট বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের বিমানসংস্থাগুলোও সংকটে রয়েছে। খবর ব্লুমবার্গের।
এমিরেটস গত জুনে ফ্লাইট চালুর ঘোষণাও দেয়। কিন্তু সে পরিকল্পনা আলোর মুখ দেখেনি।
এখন তারা ডিসেম্বরের আগে টিকিট বুকিং নিচ্ছে না।
টার্কিশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের ব্যাপারে একটি পোস্ট আপলোডও করে। কিন্তু যাদের বুকিং নেয়া হয় করোনায় তাদের ফ্লাইটও বাতিল হয়ে যায় ভ্রমণের কয়েকদিন আগে।
দুবাই-ইস্তাম্বুল রুটে ভ্রমণে মাত্র ৪-৫ ঘণ্টা সময় লাগে। প্রতি সপ্তাহে ৫০টি ফ্লাইট চলত এ রুটে।
এমিরেটসের ব্যস্ততম রুটের একটি দুবাই-ইস্তাম্বুল রুট।
টার্কিশ এয়ারলাইন্সের জন্য এ রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপগামী যাত্রী টানতে এ রুটকে সবসময় ব্যবহার করে এয়ারলাইন্সটি। পশ্চিম ইউরোপ কিংবা নর্থ আমেরিকার যাত্রীদের জন্য এ রুট একটি কেন্দ্র হিসেবে কাজ করে। এ রুট বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য-তুরস্ক অঞ্চলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলছে।
তুরস্ক ও আমিরাতের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। বিশেষ করে মিশরে ব্রাদারহুড সমর্থিত সরকারকে সাপোর্ট এবং কাতারকে সমর্থন দেয়ার কারণে আমিরাত তুরস্ককে ভাল চোখে দেখে না।
২০১৭ সালে কাতারকে যে তিনটি দেশ বয়কট করে তার মধ্যে আমিরাত একটি। মধ্যপ্রাচ্যের এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে তুরস্ককে কোনো সুবিধা দিতে চাচ্ছে না আমিরাত। এজন্য দুবাই-ইস্তাম্বুল রুট সহজে কার্যকর হবে বলে মনে হয় না।
মূলত দু’দেশেই এয়ারলাইন্স শক্তিশালী অর্থনৈতিক মাধ্যম। টার্কিশ এয়ারলাইন্স বিশ্বের যেকোনো এয়ারলাইন্সের চেয়ে বেশি ফ্লাইট চালাচ্ছে।
আর আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সও প্রভাবশালী সংস্থা।
তারা বিশ্বের দূরপাল্লার যান চলাচলকারী সংস্থাগুলোর একটি। তবে টার্কিশ এয়ারলাইন্স যেখানে বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান দিয়েছে ৩০৩ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে এমিরেটস ২ বিলিয়ন ডলার সরকারের কাছ থেকে সহায়তা পেয়েছে। এতে তাদের কর্মীরা ছাঁটাই থেকে রেহাই পেয়েছে।
লন্ডন স্কুল অব ইকোনমিকসের প্রফেসর স্টিফেন হার্টগ বলছেন, অর্থনৈতিকভাবে সংযুক্ত আরব আমিরাত তুরস্কের তুলনায় দুর্বল নয়। তারা একে অপরের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। করোনাভাইরাস মহামারী যদি সে চেষ্টায় সহায়ক হিসেবে কাজ করে তাতে অবাক হওয়ার কিছু নেই।