করোনাভাইরাস আতঙ্কে ইরান-তুরস্ক ফ্লাইট আবারও স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স।
করোনা পরিস্থিতির নানা চড়াই-উৎরাই পেরিয়ে ছয় মাস পর গত সপ্তাহে তেহরানে ফ্লাইট চালু করে বিমান সংস্থাটি।
কঠোর স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট চালূ করা হয়। অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান এয়ারলাইন্সের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি শনিবার এসব তথ্য জানান। খবর তেহরান টাইমসের।
মাকসুদ সামানি বলছেন, যাত্রীদের চাহিদা মোতাবেক সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা নেয়া হয়েছে।
যাত্রীদের করোনা নেগেটিভ স্বাস্থ্য সনদ দেখাতে বাধ্যতামূলক করা হয়েছে। তা না হলে বোর্ডিং পাস ইস্যু করা হচ্ছে না। এসব ব্যবস্থা নেয়ার পরও তুরস্ক কেন ফ্লাইট স্থগিত করল তা বোধগম্য নয়।
তিনি বলছেন, সময়ের ব্যবধানে ফ্লাইট উড়ানো এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের পলিসি পরিষ্কার নয়। তারা কেন আবার সিদ্ধান্ত পরিবর্তন করল তার কোনো জবাব পাওয়া যায়নি।
চলতি বছরের মার্চের পর থেকে করোনা মহামারীতে সারা বিশ্বের মতোই ইরানের বিমানসংস্থাগুলো কাবু হয়ে পড়েছে।
ব্যাপক লোকসানের মধ্য দিয়ে চলছে ইরানের এভিয়েশন শিল্প। কোটি কোটি ডলার ইতোমধ্যে তারা লোকসান দিয়েছে। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।
২০১৯ সালের প্রথম আট মাসে ১.৩৭ মিলিয়ন ইরানি যাত্রী তুরস্ক ভ্রমণ করে। যা মোট আন্তর্জাতিক যাত্রীর ৪.৪ ভাগ।