পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে পাকিস্তানের বিরোধী দলগুলো গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
রাজনৈতিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান পুলিশের শীর্ষ এক কর্মকর্তাকে আধা-সামরিক বাহিনীর অপহরণের অভিযোগ ওঠার পর দেশটিতে অস্থিতিশীলতা আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।
রেঞ্জার্স হিসেবে পরিচিত পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর সদস্যরা দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদ মহরের বাসায় অভিযান চালায় সোমবার। এই অভিযানে সেখান থেকে পাক রেঞ্জার্সের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সম্প্রচার মাধ্যম দুনিয়া টিভি বলছে, সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদকে তুলে নিয়ে যাওয়ার পর বিরোধী দলীয় নেতা সাফদার আওয়ান ও বিলাওয়াল ভূট্টো জারদারির মুখপাত্র মুসতফা নওয়াজ খোখারকে গ্রেফতারের একটি আদেশে জোরপূর্বক তার স্বাক্ষর নিয়েছে রেঞ্জার্স।