করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীকে হাসপাতালে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারের পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
ওষুধ নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, রেমডেসিভির ব্যবহারে করোনা থেকে সুস্থ হওয়ার সময় গড়ে পাঁচদিন কমে আসে।
ইবোলোর ওষুধ রেমডেসিভিরের ব্রান্ডনেম ভেকলুরি প্রসঙ্গে এফডিএ বিবৃতিতে বলেছে, ‘কোভিড-১৯ এর ক্ষেত্রে প্রথম কোনো ওষুধ হিসেবে এফডিএ-র অনুমোদন পেল ভেকুলারি।’
এদিকে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিনিক্যাল ট্রায়াল শেষে জানায়, করোনায় রেমডেসিভিরের কার্যকারিতা খুব সামান্য কিংবা নেই।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণালব্ধ এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে ওষুধটির প্রস্তুতকারী মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেস।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পকেও ওষুধটি দেয়া হয়েছিল।