মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হতে পারে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের দেয়া প্রস্তাব নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের সুলতানদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন রাজা আল-সুলতান আবদুল্লাহ।

শনিবার রাজপ্রাসাদের এক ঘোষণায় জানানো হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আগের দিন রাজার সঙ্গে সাক্ষাৎ করে দেশে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

গত শুক্রবার রাজার সঙ্গে দেখা করে মুহিউদ্দিন ইয়াসিন এমন প্রস্তাব উত্থাপন করেন যা থেকে পার্লামেন্ট বাতিল হয়ে যেতে পারে।
সম্ভাব্য এই পদক্ষেপের ব্যাপক নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদরা।

শনিবার রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক আহমেদ ফাদিল সামসুদ্দিন এক বিবৃতিতে জানান, রাজা শিগগিরই দেশের অন্য শাসকদের সঙ্গে বৈঠক করবেন।
তবে মুহিউদ্দিনের প্রস্তাব নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

Comments (0)
Add Comment