পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরের একটি গ্রহাণু থেকে পাথরের খণ্ড সংগ্রহ করার জন্য একটি মহাকাশযান পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ওই মহাকাশযানটি এতো বেশি পাথরের নমুনা সংগ্রহ করে ফেলেছে যে এখন তা মহাকাশে ছড়িয়ে যাচ্ছে। খবর বিবিসির।
সৌরমণ্ডল কীভাবে গঠিত হয়েছিল তার রহস্য জানার জন্য এই গ্রহাণু থেকে সংগ্রহ করা নমুনাগুলো খুবই গুরুত্বপূর্ণ।
নাসার মহাকাশযান অসিরিস-রেক্সের কর্মকর্তারা বলছেন, নভোযানটি চলতি সপ্তাহের শুরুতে বেন্নু নামের একটি গ্রহাণুতে অবতরণ করে।
ওই যানটি প্রস্তরখণ্ড সংগ্রহের কাজ সম্ভবত খুব ভালভাবেই সম্পন্ন করেছিল।
তারা বলছেন, নভোযানটি যেসব ছবি পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি পাথরখণ্ডের বেরিয়ে থাকার কারণে নমুনা সংগ্রহের একটি দিকের দরজা সামান্য ফাঁক হয়ে আছে এবং সেখান থেকে নমুনার অংশ ছিটকে বাইরে বেরিয়ে যাচ্ছে।