দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে আকাশপথে ভারত-বাংলাদেশ বন্ধ দ্বার খুলছে।
এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ব্যবস্থায় দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে।
কিছু বিধিনিষেধ থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট চালু হওয়ায় খুশি যাত্রী ও বিমান সংস্থাগুলো।
করোনা সংক্রমণ রোধে ১২ মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত।
ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকেপড়া উভয় দেশের নাগরিকরা।
দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালুর উদ্যোগে তাদের অপেক্ষার অবসান হচ্ছে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, পর্যটক ছাড়া নয়টি ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন।
রোগীর সঙ্গে প্রথমে একজন সহযোগী অনুমোদন দিলেও পরে এ ক্ষেত্রে ছাড় দিয়েছে ভারত।
বাংলাদেশের তিনটি ও ভারতের ৫টি বিমান সংস্থা কলকাতা ,দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে।