এক কর্মীর মিথ্যা কথায় লকডাউনে ১৭ লাখ মানুষ

পিৎজা বারে কর্মরত এক ব্যক্তির মিথ্যা কথার কারণে লকডাউনে যেতে হয়েছে গোটা সাউথ অস্ট্রেলিয়াকে।
শুক্রবার অনেকটা বাধ্য হয়েই এ কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাউথ অস্ট্রেলিয়া প্রশাসনের প্রধান স্টিভেন মার্শাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজ্যটির ১৭ লাখ মানুষকে ছয়দিনের লকডাউনে যেতে হতো না, যদি পিৎজা বারের ওই কর্মী মিথ্যা না বলতেন।

তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়দিন শেষ হওয়ার আগেই লকডাউন তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন এ কর্মকর্তা।

সম্প্রতি স্থানীয়ভাবে কয়েক ডজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত বুধবার ছয় দিনের ‘সার্কিট ব্রেকার’ লকডাউন ঘোষণা করে সাউথ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য দেখানো রাজ্যটিতে গত এপ্রিলের পর এটাই ছিল প্রথমবার স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা।

Comments (0)
Add Comment