গুয়াতেমালার সংসদ ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

দাঙ্গা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়ার আগে গুয়াতেমালার বিক্ষোভকারীরা দেশটির আইনসভা ভবনের কিছু অংশে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী দশ মিনিট ধরে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় গুয়াতেমালা শহরে অবস্থিত কংগ্রেস ভবনটি ফাঁকা ছিল।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে দশ মিনিট ধরে ভবনে আগুন থাকায় বেশ কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
বিবিসি লিখেছে, স্থানীয় সময় গত বুধবার রাতে কংগ্রেসের অনুমোদিত বাজেটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন শত শত মানুষ।

বিরোধীরা বলছেন, বাজেটে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
এসব প্রকল্প চালাচ্ছেন সরকার ঘনিষ্ঠরা।
অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারির প্রভাবকে গুরুত্ব দিচ্ছে না সরকার।

Comments (0)
Add Comment