‘বিদেশ যেতে করোনামুক্ত সনদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না বেবিচক’

করোনামুক্ত সনদ নেই— এমন যাত্রীদের যেনো কোনও বিমান কর্তৃপক্ষ পরিবহন না করে, সে বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী।

বুধবার ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্যবিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভায়’ তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শহানীলা ফেরদৌসী বলেন, ‘করোনামুক্ত সনদ ছাড়া বিদেশ থেকে যারা আসছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের দিয়াবাড়িতে কোয়ারেন্টিন করা হয়। তবে আগামীতে যাত্রীর সংখ্যা এতই বেশি হবে যে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ।
এক্ষেত্রে এসব যাত্রীকে আন্তর্জাতিক প্রবশপথে করোনা পরীক্ষা করাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে এক্ষেত্রে কোভিডমুক্ত সনদ নেই— এমন যাত্রীদের যেনো কোনও বিমান কর্তৃপক্ষ পরিবহন না করে, সে বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment