এক রাতে পাঁচ মন্দিরে চুরি

ভারতের পশ্চিমবঙ্গের মন্তেশ্বরে এক রাতে পরপর পাঁচটি মন্দিরে চুরি হয়েছে।
গত রোববার রাতে মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গয়না, প্রণামী বাক্সের অর্থ, থালা-বাসনসহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে চোর।

এভাবে এক রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিছুদিন আগেই সেখানে বেশ কয়েকটি মন্দিরে চুরি হয়েছিল।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটল একই ঘটনা।

জেলা পুলিশ জানিয়েছে, মন্দিরে চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এছাড়া, চুরি ঠেকাতে রাতে গ্রামীণ এলাকায় টহল বাড়ানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গলাতুন অঞ্চলে এসব চুরির ঘটনা ঘটেছে।
সেখানকার দুর্গা মন্দির ও সংলগ্ন রঘুনাথ মন্দির, মঙ্গলচণ্ডী মন্দির, মদনগোপাল মন্দির ও শিব মন্দিরে রোববার রাতে চুরি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে মন্দিরের দরজার তালা ভাঙা দেখে প্রথমে চুরির বিষয়টি নজরে আসে। এরপর একের পর এক মন্দির থেকে মালামাল খোয়া যাওয়ার খবর আসতে থাকে।

Comments (0)
Add Comment