১০০ কোটি ডলার ফিলিস্তিনকে পরিশোধ করল ইসরায়েল

আটকে থাকা অর্থের ১০০ কোটি ডলার ফিলিস্তিনিদের পাঠিয়েছে ইসরায়েল।
বুধবার ফিলিস্তিনের একজন মন্ত্রী এ তথ্য জানান। দু’পক্ষের মধ্যে যোগাযোগ শুরুর দু’সপ্তাহের মধ্যে অর্থ ছাড় দিলো ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের জনপ্রশাসনমন্ত্রী হুসেইন আল শেখ টুইট বার্তায় বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ দেনার সব অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের অ্যাকাউন্টে হস্তান্তর করেছে।
যার পরিমাণ ৩৭৬ কোটি ৮০ লাখ শেকেল।
এসব অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে ইসরায়েল সংগ্রহ করেছিল।
যার মধ্যে আয়কর এবং শুল্ক অন্তর্ভুক্ত।

মে মাসে ইসরায়েলের সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ফিলিস্তিন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তখন জানান, পশ্চিমতীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতিবাদে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

Comments (0)
Add Comment