ভারতের উত্তরপ্রদেশে ধর্মান্তরণবিরোধী অধ্যাদেশ জারি হয়েছে।
এই আইনে গ্রেফতারও করা হয় ওয়াইস আহমেদ (২২) নামে বেরেলির এক যুবককে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার অন্য ধর্মের বিয়েতে হস্তক্ষেপ করলো পুলিশ।
ঘটনাটি ঘটেছে লখনউতে।
জানা গেছে, সবার সম্মতি নিয়েই বুধবার বিয়ের আয়োজন করেছিল রায়না গুপ্ত (২২) ও মোহম্মদ আসিফের (২৩)।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই পরিবারকে আইনের বিষয়টি বোঝালে তারা আইনি পদ্ধতি মেনেই পরে বিয়ের সিদ্ধান্ত নেন।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, ধর্ম পরিবর্তন না করে ‘বিশেষ বিয়ে’ আইনে ভিন্ন ধর্মাবলম্বীরা বিয়ে করতেই পারেন।
সে ক্ষেত্রে কোনো বাধা নেই।
কিন্তু কেউ ধর্ম পরিবর্তন করতে চাইলে বিয়ের ৬০ দিন আগে জেলা প্রশাসকের দফতরে একটি নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে।
শুধু তাই নয়, কোনো চাপ, প্রলোভন বা উসকানির কারণে যে কেউ ধর্ম পরিবর্তন করছেন না, সে কথা জানিয়ে বিয়ের ছয় মাসের মধ্যে আরও একটি ফর্ম জমা করতে হবে।