শনিবার ইরানে মহামারি করোনা রোগে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর দিনে দেশটির সরকার করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধগুলো আরও কঠোর করেছে বলে জানাচ্ছে আল-জাজিরা।
করোনায় মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান এখন তৃতীয় দফায় ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার ইরানে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দশ লাখ ছাড়ায়।
রাজধানী তেহরানসহ ইরানের শহরগুলোতে সদ্যই দুই সপ্তাহের আংশিক ‘শাটডাউন’ শেষ হয়েছে। সংক্রমণের স্তর বিবেচনায় জরুরি ছাড়া সব ধরনের সেবা কর্যক্রম বন্ধ ছিল।
সরকারি অফিসে কর্মীর উপস্থিতিও ছিল কম।
হাসপাতালে করোনা রোগী ভর্তির ওপর ভিত্তি করে রঙের ভিত্তিতে উচ্চ ঝুঁকিপূর্ণ ‘লাল’ শহর এবং কিছুটা কম ঝুঁকিপূর্ণ ও নিরাপদ শহর নিয়ে তৈরি ‘সাদা’ ক্যাটাগরি নিয়মিত হালনাগাদ করছেন সরকারি কর্মকর্তারা।