শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, একশ’ বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক মানের এই হেলিপোর্টে প্রাথমিকভাবে ৫০টির মতো হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে।
দেশে ৯টি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারের সংখ্যা ২৯টি।
কোম্পনিগুলো তাদের বহরে আরও হেলিকপ্টার যোগ করতে চায়।
এজন্য সিভিল এভিয়েশনে আবেদনও করেছে তারা। এছাড়া নতুন করে আসতে চায় আরও কয়েকটি কোম্পানি।
দূরের যাত্রায় হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
সড়কের যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ীরা, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশী বিনিয়োগকারীরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় হেলিপোর্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
জমি নির্ধারণ ও প্রাথমিক ডিজাইনের কাজ শেষ বলেও জানান তিনি।