আরো বাড়ল মাউন্ট এভারেস্টের উচ্চতা

বদলে গেছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা।
আগের চেয়ে ‘দশমিক ৮৬ মিটার’ উচ্চতা বেড়ে যাওয়ার ঘোষণা যৌথভাবে দিল নেপাল ও চীন। ২০১৬ সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপালে সফরে আসেন, তখনই এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি নতুন করে সামনে আসে।
এরপরই দুদেশের দীর্ঘ চেষ্টায় বেরিয়ে আসলো নতুন পরিসংখ্যান।

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে বলা হয়েছে, বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১ ফিট।
এক যৌথ বিবৃতিতে নতুন উচ্চতাকে বিশ্বের জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অ্যাখা দিয়েছে দুদেশ।

বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে মতবিরোধ চলছিল নেপাল ও চীনের। ১৯৭৫ এবং ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন।
সবশেষ ২০০৫-এ চীনের পরিসংখ্যান অনুযায়ী এভারেস্টের উচ্চতা দাঁড়ায় ৮৮৪৪.৪৩ মিটার।

Comments (0)
Add Comment