ভারতের জাতীয় সঙ্গীত বদলাতে চান বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলের নেতা-মন্ত্রীরা গত দু’বছরে নানা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বারবার টেনে এনেছেন।
তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।
কিন্তু এবার ব্যতিক্রম পথে হাঁটতে চলেছেন বিজেপির অপর এক নেতা।

রবীন্দ্রনাথের লেখা দেশের জাতীয় সঙ্গীত বদলাতে চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
ওই চিঠিতে দ্রুত সাড়া পেয়ে রীতিমতো উৎফুল্লও তিনি।
টুইটার অ্যাকাউন্টে এ কথা লিখেছেন সুব্রহ্মণ্যম স্বামী। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এমনিতে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা নিয়ে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের (আরএসএস) বিভিন্ন মহলে নানা সময়ে আপত্তির কথা শোনা গেছে।
এমনকি মোদি ক্ষমতায় আসার পর সংঘের শিক্ষা সেলের নেতা দীননাথ বাত্রা এনসিইআরটির পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়ার সুপারিশও করেছেন।
মোদি অবশ্য পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটকে কেন্দ্র করে গত দু’বছরে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা আবৃত্তি করেছেন।
তার দলের অন্য নেতারাও ইদানিং পশ্চিমবঙ্গে এলে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করতে ছাড়েন না।
এই অবস্থায় সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে নতুন বিতর্ক উস্কে দিল।

Comments (0)
Add Comment