মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নাটকের শেষ অংকে কি আরো কিছু চমক বাকি আছে?
৩রা নবেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিজয় কি এখনো উল্টে দেয়া সম্ভব?
অন্তত কিছু রিপাবলিকান সেনেটর এখনো তেমনটাই আশা করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্র কিছু রিপাবলিকান সেনেটরের একটি গোষ্ঠী পরিকল্পনা ঘোষণা করেছেন যে তারা সেনেট নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, এবং জো বাইডেনের বিজয়ে আনুষ্ঠানিক প্রত্যয়ন আটকে দেবার চেষ্টা করবেন।
তারা সেই চেষ্টা করবেন বুধবার, যখন মার্কিন কংগ্রেসের দুই কক্ষ – প্রতিনিধি পরিষদ ও সেনেট – এক যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের ইতোমধ্যেই প্রত্যয়ন করা ইলেকটোরাল কলেজ ভোটগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।