সিআইডি খুব শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে বিদেশে থাকা ছয় মানবপাচারকারীকে গ্রেফতারের রেড নোটিশ জারি করবে। এছাড়াও আরও কিছু রেড নোটিশ জারির প্রক্রিয়াধীন আছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সিআইডি গণমাধ্যমকে জানায়, ইতোমধ্যে লিবিয়ায় ২৮ বাংলাদেশিকে হত্যা মামলায় জাফর ইকবাল নামে এক আসামিকে ইতালি থেকে ও শাহদাত হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চার আসামিও নজরদারিতে রয়েছে।
গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৮ বাংলাদেশিসহ ৩০ জন নিহত ও ১২ জন আহত হন। যাদের বেশির ভাগ ভারত হয়ে ইতালির উদ্দেশে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন। সেই ঘটনায় সিআইডি পল্টন ও বনানীতে ৩টি ও ভুক্তভোগীর পরিবার দেশের বিভিন্ন জায়গায় আরও ২৩টি মামলা করেন।
টুরিস্ট ভিসায় পাশের দেশ হয়ে কিংবা দালালদের মাধ্যমে নৌ ও আকাশ পথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর দেশ ছেড়ে সুদুরে পাড়ি জমান হাজারো মানুষ। কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে এদের অনেকেই হত্যা, নির্যাতনের শিকার হন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘যেসব অসহায় বাংলাদেশিরা সেখানে যায় তাদেরকে আটকে রেখে নির্যাতন করে বিপুল পরিমাণ টাকা দাবি করে।’
তিনি বলেন, যে দেশগুলো আছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিকটবর্তী, সে দেশগুলোতে যারা মানবপাচারের সাথে জড়িত আমরা বেশির ভাগকেই আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা অচিরেই আরও কিছু রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এছাড়া মানবপাচার রোধে আগের থেকে তারা আরও কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান, এই কর্মকর্তা।