যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বহু ফ্লাইট বাতিল

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ব্যাপক তুষারঝড় বয়ে যাচ্ছে, এতে বহু ফ্লাইট বাতিল হয়েছে, অনেকগুলো টিকাদান কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে ও নিউ ইয়র্ক শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় সময় সোমবার বিকালের মধ্যে নিউ ইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভেইনিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক শহর ও নিউ জার্সি জরুরি অবস্থা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরও আরও কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ তীব্র তুষারঝড় তৈরি হতে পারে।

Comments (0)
Add Comment