বাইডেন প্রশাসন ২৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকো সীমান্তে আটকে পড়া ২৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ স্থগিত করেছেন বাইডেন।

হোয়াইট হাউজে পা রাখার পর থেকেই পূর্বসূরি ট্রাম্প প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত বাতিলের কাজ শুরু করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রনীতি ঘোষণাতেও আসে নানা পরিবর্তন।

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের বিষয়ে ট্রাম্প কঠোর অবস্থানে থাকলেও বাইডেন উদার হওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ আবারও চালুর কথা জানান তিনি।

এরই ধারাবাহিকায় মেক্সিকো সীমান্তে আটকে পড়া ২৫ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। আগামী সপ্তাহে শুরু হবে এ কার্যক্রম। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে এসব শরণার্থীর তালিকা তৈরির পাশাপাশি করা হবে কোভিড টেস্ট। প্রতিদিন গড়ে ৩শ’ জনকে ঢুকতে দেয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের শহরের কাছের আদালতে হাজির হওয়ার নোটিশসহ বা পরিবারের সঙ্গে চূড়ান্ত গন্তব্যে যেতে দেওয়া হবে। যেসব ব্যক্তিরা এই প্রাথমিক পর্বের জন্য যোগ্য নন তাদের পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে হবে এবং সীমান্তে চলে আসা উচিত হবে না।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যই ঐতিহাসিক। তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করেন।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষমতা গ্রহণের পরপরই কাজ শুরু করেন। এতে মেক্সিকোর সঙ্গে দূরত্ব বাড়ার পাশাপাশি অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থানের কারণে ট্রাম্প আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

Comments (0)
Add Comment