গত বছর মিনায় পদদলনে নিজেদের দেশের শতাধিক হজযাত্রীর মৃত্যুর প্রেক্ষাপটে ‘নিরাপত্তা ও নাশকতার’ প্রশ্ন তুলে এবছর হজ বর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই সিদ্ধান্তের জন্য রোববার সৌদি আরবকে দায়ী করেছে দেশটি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান হজের সময় বিক্ষোভ প্রদর্শণের দাবি জানিয়েছে এবং তাদের এ সুযোগ দেওয়া হলে হজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটি অগ্রহণযোগ্য।’
তিনি জানান, তেহরানের সঙ্গে কূটনৈতিক অথবা বিমান যাতায়াতের কোনো সম্পর্ক না থাকা সত্বেও সৌদি আরব ইরানের হজযাত্রীদের জন্য ভ্রমণসংক্রান্ত সুযোগ-সুবিধা দিতে চেয়েছে।
আল জুবেইর অভিযোগ করেন, ‘ ইরান শুরু থেকেই অপকৌশল চালাচ্ছিল এবং তার নাগরিকরা যাতে হজে না আসতে পারে সেজন্য একটি অজুহাত খুঁজছিল। এখন তারা তাদের কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেবে।’
প্রসঙ্গত, প্রতিবছরই সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলমান হজের উদ্দেশে মক্কা তথা সৌদি আরবে যান। গত বছর হজে মিনায় পদদলনে সৌদি সরকারের হিসাবে সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এদের অধিকাংশই ইরানি। ইরান অবশ্য তাদের নিহত হাজির সংখ্যা ২ হাজার বলে দাবি করেছিল। এ ঘটনায় হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সৌদি কর্তৃপক্ষের অদূরদর্শিতা, দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে ইরান সরকার। তবে সৌদি কর্মকর্তারা এর জন্য ইরানি হজযাত্রীদের নির্দেশনা না মেনে চলাকে দায়ী করেন।