যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীর শান্তি নষ্ট করছেঃ চীন

যুক্তরাষ্ট্র দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশ এবং পূর্ব চীন সাগরে অবস্থিত তাইওয়ান প্রণালীর শান্তি বিনষ্ট করছে বলে দাবি করেছে এশিয়ার পরাশক্তি চীন।

গুরুত্বপূর্ণ এই প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলেছে, আমেরিকার এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র বিবৃতির মাধ্যমে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনার নিন্দা জানান।

এদিন মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিজ উইলবার নিয়ে অঞ্চলটিতে নিজেদের শক্তি প্রদর্শন করে। চীনা সামরিক বাহিনীর পক্ষ থেকে মার্কিন তৎপরতার নিন্দা জানানো হলেও আমেরিকা বলছে, নিয়মিত রুটিনের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এর আগে মার্কিন বাহিনী গত ৪ ফেব্রুয়ারি তাইওয়ান প্রণালীতে ইউএসএস ম্যাককেইন ডেস্ট্রয়ার পাঠায়। এরপর গতকাল আবার যুদ্ধজাহাজ পাঠাল। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দিন দিন দ্বন্দ্ব জোরদার হচ্ছে।

Comments (0)
Add Comment