অ্যাক্টিভিস্ট নিপীড়নে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

সরকারের সমালোচক বা ভিন্নমতাবলম্বীদের হুমকি-ধামকি, হয়রানি বা কোনও ধরনের ক্ষয়ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
শুক্রবার সৌদি আরবে ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়নে অভিযুক্ত ৭৬ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

এর মাত্র একদিন আগেই, গত বৃহস্পতিবার ২০১৮ সালে তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
চার পৃষ্ঠার ওই প্রতিবেদনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাকাণ্ডের ‘নির্দেশদাতা’ এবং এর সঙ্গে জড়িত মোট ২১ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

জামাল খাশোগি সৌদি রাজপরিবারের অন্যতম সমালোচক ছিলেন।
ওয়াশিংটন পোস্টে লেখা কলামে তিনি রাজপরিবারের বিভিন্ন নীতির সমালোচনা করতেন।
নিহত এ সাংবাদিকের নামানুসারেই ‘খাশোগি নিষেধাজ্ঞা’ চালু করেছে যুক্তরাষ্ট্র।

Comments (0)
Add Comment