বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আসছে ‘শ্বেতবলাকা’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রাষ্ট্রীয় পতাকাবাহী আরেকটি নতুন ড্যাশ ৮-৪০০ বিমান যুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উড়োজাহাজটির নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ড্যাশ-৮ মডেলের প্লেনটি ৫ মার্চ শুক্রবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে উড়োজাহাজটি।

উড়োজাহজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর এভিয়েশন ফ্যানফেয়ারের অংশ হিসেবে উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হবে।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি ২৭ ডিসেম্বর ২০২০ ও দ্বিতীয় উড়োজাহাজটি ২৪ ফেব্রুয়ারি, ২০২১ বিমান বহরে যুক্ত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আধুনিক সব সুযোগ-সুবিধার সমন্নয়ে তৈরি উড়োজাহাজটিতে আসন রয়েছে ৭৪টি। উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার ফলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। ফলে এই রুটেগুলোতে বিমান তার যাত্রীদের আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি। চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার ফলে উড়োজাহাজের সংখ্যা হবে ২১টি।

Comments (0)
Add Comment