যাত্রীদের সেবার মান নিশ্চিতে এয়ারলাইন্সগুলোর আন্তরিকতার ঘাটতি রয়েছে 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যাত্রী সেবার মান নিশ্চিতে এয়ারলাইন্সগুলোর আন্তরিকতার ঘাটতি রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। যাত্রী সেবার মানোন্নয়নে এই শুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এসময় কাতার এয়ারওয়েজের বেশ কয়েকজন যাত্রী জানান, তাদের টিকিটে আজ (৪ মার্চ) বিকেল ৬টা ১০ মিনিটে ফ্লাইটের কথা উল্লেখ থাকায় তারা দেশের বিভিন্ন জেলা থেকে দুপুরের আগেই বিমানবন্দরে এসেছেন। কিন্তু বিকেল ৫টা বেজে গেলেও তাদের যাত্রা শুরুর কোন লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না। এমনকি কোথায়ও যোগাযোগও করতে পারছেন না।

তাদের এমন অভিযোগ তাৎক্ষণিক খতিয়ে দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট নেই।

এসময় বেবিচক চেয়ারম্যান বলেন, যাত্রীদের এমন হয়রানি করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা রীতিমতো অন্যায়। কাতার এয়ারওয়েজের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চাওয়া হবে ও সংশ্লিষ্ট এজেন্টের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। যাত্রী সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক চালু করা হবে বলেও জানান তিনি।

বিমান যাত্রীদের টিকিট করার সময় দেয়া ঠিকানা ও মোবাইল নম্বর ঠিকঠাক মতো দেয়া হয়েছে তাও সচেতনভাবে দেখে নেয়া এবং বিমানবন্দরে আসার আগে আরেকবার ফ্লাইট সম্পর্কে খোঁজ নেয়ার পরামর্শ দেন বেবিচক চেয়ারম্যান। যাত্রীদের ভোগান্তি দূর করতে বিভিন্ন এয়ারলাইন্সের কর্মীদের ফ্লাইট শুরুর নির্ধারিত সময় ৪ ঘণ্টার আরও আগে থেকেই সহায়তা-সেবা দেয়ার আহ্বান জানান তিনি।

 

Comments (0)
Add Comment