আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী সংখ্যায় কড়াকড়ি শিথিল করলো বেবিচক

করোনা মহামারীতে তিন মাস বন্ধ থাকার পর জুনে যখন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়, তখন থেকেই সিটগুলোয় যাত্রী বসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপিত ছিল।
সেই কড়াকড়ি কিছুটা শিথিল করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চলতি সপ্তাহ থেকেই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইটের যাত্রী সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
এই সংখ্যা আগের থেকে কিছুটা বাড়ানো হয়েছে।
আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ওয়াইড বডি বা বড় সাইজের এয়ারক্রাফটকে আগে সর্বোচ্চ ২৬০ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল।
বর্তমানে তারা ৩০০ যাত্রী নিতে পারবে।
আগে ন্যারো বডি বা মাঝারি আকারের এয়ারক্রাফটের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪০ জন যাত্রী বহন করার নির্দেশনা থাকলেও বর্তমানে তারা বিমানের সব সিট পূর্ণ করে যাত্রী নিতে পারবে।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে সিটসংখ্যা নির্ধারণ করে দিয়েছিল বেবিচক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ২১ মার্চ আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।
এরপর ১৬ জুন থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়।

Comments (0)
Add Comment