‘দারিদ্র্য নির্মূলে বাংলাদেশকে অনুসরণ করতে পারেন বাইডেন’

শিশু-দারিদ্র্য মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কলঙ্কগুলোর একটি। ইতিহাসের সবচেয়ে ধনী এবং শক্তিশালী দেশটিতে শিশু-দারিদ্র্যের হার বিস্ময়কর।
যুক্তরাষ্ট্র এই কলঙ্ক মুছে ফেলার চেষ্টা শুরু করেছে।
গত বুধবার শিশু-দারিদ্র্য নিরসনে প্রেসিডেন্ট জো বাইডেনের ১ লাখ ৯০ হাজার ডলারের প্রণোদনা প্যাকেজ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এই প্রণোদনা প্যাকেজের পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দ্রুত শিশু-দারিদ্র্যের হার কমে আসবে।
কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, এই পদক্ষেপগুলো স্থায়ী হলে শিশু-দারিদ্র্যের হার অর্ধেকে নেমে আসবে।
বাইডেনের এই বৈপ্লবিক উদ্যোগ সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষায় নেওয়া উদ্যোগের সঙ্গে তুলনীয়।
সব সমাজেই দরিদ্র শিশুদের কল্যাণে বিনিয়োগের নজির রয়েছে।
এই বিনিয়োগ কী ফল বয়ে আনে তা দেখতে বিশ্বের অন্য দেশগুলোর দিকে তাকানো যাক।

৫০ বছর আগে এই মাসেই গণহত্যা, দারিদ্র্য আর অনাহারের মধ্যে জন্ম নিয়েছিল বাংলাদেশ। হেনরি কিসিঞ্জার তখন দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের ভয়াবহ ছবিগুলো বিশ্বে বাংলাদেশের একটি হতাশাজনক ভাবমূর্তি প্রতিষ্ঠা করে।
১৯৯১ সালের এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে এক লাখেরও বেশি মানুষ মারা যায়।
আমি তখন নিউইয়র্ক টাইমসে লিখেছিলাম, ‘বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগা দেশ’।
তখনকার প্রেক্ষাপটে আমি ঠিকই লিখেছিলাম।
এধরনের প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও বাংলাদেশকে তখন অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছিল।
কিন্তু গত তিন দশকে আমার সব অনুমান ভুল প্রমাণিত করে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান মহামারির আগে চার বছর ধরে বাংলাদেশের অর্থনীতি প্রতি বছর সাত থেকে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা চীনের চেয়েও দ্রুততর। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর।
এটা যুক্তরাষ্ট্রের মিসিসিপির ১০টি কাউন্টিসহ আরও কিছু জায়গার চেয়ে বেশি।
একসময় হতাশার প্রতিমূর্তি হয়ে ওঠা বাংলাদেশ এখন অনেক দেশেরই উন্নয়নের মডেল হতে পারে।

 

Comments (0)
Add Comment