প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত জনগণের টাকায় ১৬টি নিজস্ব নতুন আধুনিক বিমান কেনা হয়েছে এবং সর্বমোট এখন আমাদের ২১টি বিমান আছে।
সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রী সেবার যেন মান উন্নত হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান সরকার প্রধান।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেত বলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
দেশের ‘ভাবমূর্তির’ কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি।
এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সবারেই দায়িত্ব, সবারই কর্তব্য।