প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে তদন্ত শুরু

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেন।
আসমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও উৎসাহ দিয়েছেন।

আসমা আল আসাদ একই সঙ্গে সিরিয়া ও ব্রিটেনের নাগরিক।
তবে অভিযোগ প্রমাণিত হলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্কাই নিউজকে রোববার জানিয়েছে, তারা গত বছরের জুলাইতে একটি সুপারিশ পেয়েছে যার সঙ্গে সিরিয়ায় চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে।

পুলিশ আরও জানায়, সুপারিশটি যুদ্ধাপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে।

গুয়ের্নিকা ৩৭ নামে লন্ডন ভিত্তিক একটি যুদ্ধ-কেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা আসমার বিরুদ্ধে এই অভিযোগ তোলে।
এ সম্পর্কে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।
স্বাধীন ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি এও নিশ্চিত করে যে, রাষ্ট্র তার নাগরিকের কাজের দায়ভার নেয়।’

Comments (0)
Add Comment