ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে গত বছরের মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিউক অব সাসেক্স হ্যারি।
এবার তিনি সেখানে নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে প্রিন্স হ্যারি চাকরি শুরু করতে যাচ্ছেন।
এক বিবৃতিতে হ্যারি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন টেলিভিশনে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন।
এর রেশ কাটতে না কাটতেই ডিউক অব সাসেক্সের নতুন এই চাকরির খবর এলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্যান্সিস্কোতে প্রতিষ্ঠানটির প্রধান অফিসে বসবেন প্রিন্স হ্যারি।
তবে তিনি সেখানে কতটা সময় দেবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার কাজ কী হবে তা বিস্তারিত জানা যায়নি।