যুক্তরাষ্ট্র সরকার মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে অনেকটা ব্যর্থ। আর তাই করোনা সংক্রমণ রোধে এবার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপেও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এ মুহূর্তে করোনার সংক্রমণ খুব বেশি ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে একই কারণে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।
একই দিন চীন, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় নিজদের নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এ অঞ্চলের এই চারটি দেশকে লেভেল-১ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।