করোনা টিকার ২ ডোজ নিলেই যুক্তরাষ্ট্রে মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো যাবে

করোনা রুখতে মাস্ক পরা জরুরি, বিশ্বব্যাপী এমন সতর্কবার্তার মাঝেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উল্টো নির্দেশনা দিল দেশটির স্বাস্থ্য বিভাগ।
সেই নির্দেশনা মতে, আমেরিকায় যাদের করোনা টিকার দুটি ডোজই নেয়া শেষ হয়েছে তারা মাস্ক ছাড়াই বাইরে বের হতে পারবেন।
তবে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে এই নির্দেশনা বলবৎ হবে না।

করোনার আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই নতুন নির্দেশিকা জারি করেছে।

ওই নির্দেশিকা অনুযায়ী, যারা ফাইজার বা মর্ডানার দুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজও নেননি, তাদের রেস্তোরাঁ বা কোনো জমায়েতে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক।
আর যারা টিকার দুটি ডোজই শেষ করেছেন তারা ছোট জমায়েতে মাস্ক ছাড়াই যেতে পারবেন।
তবে কনসার্ট বা খেলাধুলার প্রতিযোগিতার মতো বড় জমায়েতে সবাইকেই মাস্ক পরতে হবে।

মূলত করোনাকালে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রা ফের স্বাভাবিক করতেই এই নির্দেশিকা দেয়া হয়েছে বলে মনে করছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের একাংশ।

Comments (0)
Add Comment