ইরানের তেল, ব্যাংক ও অন্যান্য খাতসহ অধিকাংশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকাচি।
ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করেই আব্বাস আরাকাচি এই আশাবাদ ব্যক্ত করেছেন। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১ মে) এমন খবর দিয়েছে।
আগামী ছয়দিনের জন্য আলোচনা স্থগিত করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে পুরোপুরিভাবে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনতে আলোচনাকে সামনে রেখে পরস্পর বিপরীত বিবরণ দিয়েছে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
কিন্তু কোন কলাকৌশলের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেই ব্যাখ্যা দেননি তিনি। এছাড়া তেহরান কীভাবে ওয়াশিংটনের দাবিগুলো পূরণ করবে এবং চুক্তিতে নিজেদের অঙ্গীকারে ফিরে যাবে, তা নিয়েও আরকাচি কোনো কথা বলেননি।
এই কূটনীতিক বলেন, দুই পক্ষের অবস্থান খুব কাছাকাছি আসা এবং আমাদের চাহিদা পূরণ না হওয়ার আগ পর্যন্ত আলোচনা চালিয়ে যাব। তারা যদি বৈঠক করেন, তবে একটি চুক্তি হবে। আর বৈঠক না করলে স্বাভাবিকভাবেই কোনো চুক্তি হবে না।
এই নিয়ে মন্তব্য জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছে। যার মধ্যে শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মন্তব্যও রয়েছে। তিনি বলেন, আলোচনাটি একটি অস্পষ্ট জায়গায় আছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা থেকে রেহাই ও চুক্তিতে ফিরে যাওয়া নিয়ে আন্তরিক আলোচনায় আমরা ইরানসহ সবপক্ষের সদিচ্ছা দেখেছি। কিন্তু ভিয়েনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে কিনা; তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এর আগে বলেন, পক্ষগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। সম্ভবত আরও বহুদূর যেতে হবে।