বর্তমান সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের একচেটে ও সম্পূর্ণরূপে একের অধীন আধিপত্য খর্ব করার হুমকি দিয়েছেন মার্কিন রক্ষণশীল আইনপ্রণেতারা।
সম্পতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ফেসবুককে তাদের কৃতকর্মের জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন।
৫ মে ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার, ফেসবুক ও ইউটিউব তার অ্যাকাউন্ট স্থগিত করে।
ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত আসার পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।
নিষেধাজ্ঞার বিষয়টি ফেসবুকের ওভারসাইট বোর্ড পর্যালোচনা করে বলেছে, ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত একটি আদর্শ সিদ্ধান্ত ছিল না।
অন্য ব্যবহারকারীদের জন্য যে নিয়ম অনুসরণ করা হয়, তাঁর ক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
ফেসবুককে এ বিষয়ে ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত দিতে বলেছে ওভারসাইট বোর্ড।
এ আদেশের অর্থ দাঁড়ায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রাম্পের নিষেধাজ্ঞা আপাতত বহালই থাকছে।যদি তাকে সাইটে আবার অনুমতি দেওয়া হয়, তার অ্যাকাউন্টটি সক্রিয় করতে ফেসবুকের সাত দিন সময় লাগবে।
ইউটিউব জানিয়েছে যে ‘রিয়েল-ওয়ার্ল্ড সহিংসতার’ হুমকি হ্রাস পেলে তারা ট্রাম্পের অ্যাকাউন্টটি আবার সক্রিয় করবে।
টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আট কোটি ৮০ লাখ অনুসারী (ফলোয়ার) ছিল।
ট্রাম্প এক বিবৃতিতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, ফেসবুক, টুইটার ও গুগল যা করেছে, তা আমেরিকার জন্য চরম বিব্রতকর, অপমানজনক। ফলে, এসব প্রযুক্তিপ্রতিষ্ঠানকে তাদের এমন কৃতকর্মের জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে বলে তিনি হুমকি দিয়েছেন।