নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা প্রেমিককেই বিয়ে করছেন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, প্রেমিক ক্লার্ক গ্যাফোর্ডকেই আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। নিউজিল্যান্ডে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে সাধারণত গ্রীষ্ম চলে।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, দুজনে বিয়ের ঘোষণা দিলেও দিনক্ষণের বিষয়ে কিছু জানাননি।

৪০ বছর বয়সী জেসিন্ডা ক্লার্কের সঙ্গে ২০১৯ সালে আংটি বদল করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাদের দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ক্লার্ক একজন টিভি উপস্থাপক।

স্থানীয় একটি রেডিও চ্যানেলকে জেসিন্ডা বলেন, ‘আমি আর ক্লার্ক গ্যাফোর্ড শেষ পর্যন্ত একটা তারিখ পেয়েছি।’ এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে পরিচিতজনদের দাওয়াত দেবেন।

২০১৮ সালের জুন মাসে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটি। পরে নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনে তিনি শিশুসহ যোগ দেন। সন্তানের জন্মের পর থেকে টিভিতে ফিশিং শোর উপস্থাপক গেফোর্ড সন্তানকে দেখভালের কাজ করছেন।

ক্রাইস্টচার্চে মুসলমানদের ওপর বন্দুকধারীর হামলার পর জেসিন্ডার অবস্থানের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি। ওই হামলার বিরুদ্ধে বহুবার তাকে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে। এছাড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জেসিন্ডার গৃহীত পদক্ষেপের প্রশংসা করছেন সবাই।

Comments (0)
Add Comment