করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় স্থগিত হয়ে গেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
চলতি বছরে আইপিএল না করতে পারলে ন্যূনতম আড়াই হাজার কোটি রুপির মতো ক্ষতি হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।
তাই আর্থিক ক্ষতির ধাক্কা সামাল দিতেই পুরো টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর সৌরভ গাঙ্গুলির বোর্ড।
বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের সুবিধা অনুযায়ী টি-২০ বিশ্বকাপের আগে বা পরে আইপিএলের বাকি ম্যাচগুলো হতে পারে।
কিন্তু কোথায় হবে বাকি ম্যাচগুলো? সেটাও একটা বড় প্রশ্ন।
তবে কিছুদিন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবার ভারতের মাঠে আইপিএল আয়োজন সম্ভব নয়।
ফলে বিকল্প হিসেবে বিদেশের মাঠেই বাকি আইপিএলের আয়োজন করতে পারে বিসিসিআই। বোর্ডের ভেতরে ভেনু হিসেবে বেশ কিছু জায়গার নাম উঠে আসছে।
এমনিতে বোর্ডের ব্যাকআপ ভেন্যু থাকে সংযুক্ত আরব আমিরশাহি।
তবে টি-২০ বিশ্বকাপ সম্ভবত ভারত এবার আরব মুলুকেই করতে চলেছে।
তার আগে সেখানে আইপিএল করার ঝক্কি নেবে না বোর্ড।
সেক্ষেত্রে সৌরভের বোর্ডের কাছে জোড়া অপশন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।