বুধবার থেকে জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিধিনিষেধে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হোটেল, রেস্তোরাঁ-বারসহ সব ধরনের পর্যটনকেন্দ্র ও সিনেমা হল খুলে দেওয়া হবে।
জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের মতো রাজধানী বার্লিনের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই শিথিলতায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন করোনার দুই ডোজ টিকা নেয়া ও করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকা নাগরিকেরা। ধীরে ধীরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় স্থানীয়দের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিধিনিষেধে শিথিলতা আসলেও, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
জার্মানির সরকার প্রধান আঙ্গেলা মের্কেল পরিকল্পিত টিকা কর্মসূচিতে গণমানুষের অংশগ্রহণে স্বস্তি প্রকাশ করেছেন।
তবে এই মুহূর্তে করোনার সংক্রমণ কিছুটা কমলেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।