করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠাতে গত ১৭ মে হতে চীন থেকে চারটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, করোনা আক্রান্ত রোগী সামাল দিতে ভারতের হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে অক্সিজেনের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, বহু জায়গায় সন্ধান করেও মিলছে না অক্সিজেন ও ওষুধ।
এমতাবস্থায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘করোনার সঙ্গে লড়াইরত ভারতের পাশে দাঁড়িয়ে আমরা গত ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত চীন থেকে ভারতে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছি।’