কয়েক বছর ধরেই জিম্বাবুয়ে ক্রিকেটের অবস্থা খুবই খারাপ।
জিম্বাবুয়ের বোর্ডে দুর্নীতি-অনিয়ম আর বর্ণবাদের কারণে প্রতিভা উঠে আসছে না। পরিস্থিতি এমন যে, ক্রিকেটাররা বেতনও ঠিকঠাক পান না!
তাই টুইটারে নিজের ছেঁড়া জুতোয় আঠা লাগানোর ছবি পোস্ট করেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল।
জানতে চেয়েছিলেন, আর কবে তারা স্পনসর পাবেন?
তবে এই টুইট করেই তিনি স্পনসর খুঁজে পেয়েছেন।
আজ রবিবার সকালে বার্ল টুইটারে লিখেন, ‘প্রতিটি সিরিজের পর ড্রেসিংরুমে ফিরে আমাদের ছেঁড়া জুতোয় আঠা লাগাতে হয়।
আর কবে আমরা স্পনসর পাব?’ বার্লের টুইট দেখে অনেক ক্রিকেটপ্রেমীর মন গলে যায়। তারা বিভিন্ন স্পনস প্রতিষ্ঠানের কাছে টুইটটি রিটুইট করতে শুরু করেন।
কয়েক ঘণ্টার মাঝেই তার সাহায্যে এগিয়ে আসে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা।
তারা রায়ান বার্লের টুইটের জবাবে লিখেছে, ‘এবার আঠা সরিয়ে রাখার সময় হয়েছে। তোমার দেখভাল এখন আমরা করব’।
উল্লেখ্য, পুমা ভারত অধিনায়ক বিরাট কোহলিরও স্পনসর।