শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন লিটন!

ব্যাটে রান নেই, পারফরম্যান্স অধারাবাহিক।
শারীরিক ভাষাতেও নেই প্রাণ।
রানের ক্ষুধা থাকলেও তাড়না দেখতে পাওয়া দুরূহ।
আউটের ধরন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, উইকেটের মূল্য তিনি বোঝেন না!

২২ গজে অস্বস্তিকর সময় কাটানো লিটন এবার কি তাহলে বাদ পড়বেন? শুধুমাত্র প্রতিভা ও সামর্থ্যের জন্য বারবার সুযোগ পাওয়া।
কালেভদ্রে জ্বলে ওঠে তার ব্যাট। পরিসংখ্যান একেবারেই হতশ্রী।
নির্বাচকরা আস্থা রাখেন বারবার। কোচ বলেন ভাগ্যের কথা। কিন্তু নানা অজুহাতে আর কতদিন?

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট।
জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংসের পর ৭ ইনিংসে মোট রান ৭৬। নামের পাশে আছে তিনটি শূন্য।
জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘যখন কেউ লম্বা সময় ধরে পারফর্ম করতে পারে না, তাকে নিয়ে কথা উঠবে। বাদও পড়বে।
এটা অবশ্যই নতুন বিষয় নয়। লিটনের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না।
অনেক দিন ধরেই রান পাচ্ছে না। আমাদের হাতে অপশন আছে। আমরা চিন্তা করবো।’

Comments (0)
Add Comment