‘করোনার উৎস সম্পর্কে আরও তথ্য দরকার’

করোনার উৎস সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্য দরকার বলে জানিয়েছে হোয়াইট হাউস। ভাইরাসটির উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না জানিয়ে সোমবার এ কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আরও স্বচ্ছ তদন্তের বিষয়ে অগ্রসর হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

করোনার উৎস নিয়ে অপ্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে গত রোববার একটি খবর প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিনজন গবেষক অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছিলেন।
করোনা প্রাদুর্ভাবের বিষয়ে চীনের তথ্য প্রকাশের আগেই এ ঘটনা ঘটেছিল।

Comments (0)
Add Comment