অফিস সহকারীকে চুমু দিয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যে এক সহকারীকে চুমু খেয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
মন্ত্রিসভা থেকে তাকে বের করে দেওয়ার দাবিও তুলেছে অনেকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।
গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন।
তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন।

এই ঘটনার পর যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে।
তার অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে লেবার পার্টি।

Comments (0)
Add Comment