ঢাকা-বরিশাল আকাশপথে বিমানের বিশেষ অফার

রমজান মাস উপলক্ষে ঢাকা-বরিশাল আকাশপথে বিশেষ অফার ঘোষণা করেছেন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের বরিশাল অফিস সূত্রে জানা গেছে, মধুমাস জ্যৈষ্ঠ থেকে এ রুটের যাত্রীদের জন্য দেয়া বিশেষ অফারের মেয়াদ বাড়িয়ে আগামী ২৯ জুন পর্যন্ত নেয়া হয়েছে। এ অফারে বরিশাল থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে বরিশালে করসহ ২ হাজার টাকায় একজন যাত্রী যাতায়াত করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ বিমান ঢাকা থেকে বরিশাল আর বরিশাল থেকে ঢাকা রবিবার সকালে, মঙ্গলবার দুপুরে ও বৃহস্পতিবার বিকেলে পৃথক তিনটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ইউএস বাংলা এয়ারলাইন্স রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবারসহ সপ্তাহে চারটি (আপ-ডাউন) ফ্লাইট দুপুরে পরিচালনা করছে। জুন মাস জুড়ে বিশেষ অফারের আওতায় ইউএস বাংলায় ৩ হাজার ২’শ টাকার স্থলে সব করসহ ২ হাজার ৯’শ টাকায় একজন যাত্রী বরিশাল থেকে ঢাকা ও ঢাকা থেকে বরিশালে যাতায়াত করতে পারবেন। ইউএস বাংলা বরিশালের সেলস ও এয়ারপোর্ট সার্ভিসের কর্মকর্তা পবিত্র চন্দ্র দাস জানান, এ অফার ২৮ জুনের পর পরিবর্তন হয়ে নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাতায়াত করবেন। রাজধানী থেকে ঘরমুখো বা বরিশালগামী মানুষ এরই মধ্যে বিমানের টিকেট বুকিং শুরু করেছেন। যাত্রীদের চাপের বিষয়টি লক্ষ্য রেখে ইউএস বাংলা এয়ারলাইন্স ঈদের আগে একটি ফ্লাইট বাড়াতে পারে বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন। নভোএয়ারে রয়েছে বরিশাল-ঢাকা এবং ঢাকা-বরিশাল রুটে একটি টিকেটের মূল্যে দুইজন ভ্রমণের অফার। ফলে একজন যাত্রী ২ হাজার ৯’শ টাকা দিয়ে একটি টিকেট কিনলে আর একটি টিকেট ফ্রি পাচ্ছেন।

Comments (0)
Add Comment