করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।
এরমধ্যে ঢাকার ১৭টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)।
হটস্পট হিসেবে বিবেচনা করা ১৭টি স্পটের মধ্যে রয়েছে- রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার এই ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে ডেঙ্গু ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে ঢাকার ১৭ এলাকাকে হটস্পট বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।