লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ফের ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে বন্দর শহর খুমসের এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি এক টুইটে বলেছেন, মৎসজীবী ও কোস্ট গার্ডের উদ্ধার করা জীবিতরা জানিয়েছেন, ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী ও দুটি শিশু ছিল।
তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী বিপজ্জনক এই পানিপথ পাড়ি দিয়েছে।