সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতনে সহজ-সরল ও সুন্দরী নারীদের চাকরির প্রলোভন দেখাত একটি চক্র।
রাজি হলে উল্টো চক্রের সদস্যরাই নিজ খরচে পাসপোর্ট ও ভিসা করে নারীদেরকে দুবাইয়ে নিয়ে যেত।
তবে শর্ত থাকতো, পরিবারের সদ্যদের কাছে বিষয়টি গোপন রাখতে হবে।
দুবাইয়ে গিয়ে এসব নারীকে জোড়পূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করে চক্রটি।
এ চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব।
মঙ্গলবার সকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য জানান।
বীণা রাণী দাস জানান, রাজধানীর ডেমরা, কেরানীগঞ্জ ও ঢাকার মানিকগঞ্জ এলাকা থেকে নারী পাচারকারী চক্রের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- মোছা. শামীমা আক্তার (২১), শংকর বিশ্বাস (২৫), শেখ হানিফ মিয়া (২৮) ও মো. জুয়েল হোসাইন (২৯)। তাদের কাছ থেকে মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।
তবে চক্রের মূলহোতা রয়েছে দুবাইয়ে।
তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতেও কাজ করছে র্যাব।